
আশঙ্কাবাদীরা আশঙ্কা করবেই, তবে মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী


মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
একুশে পদকপ্রাপ্ত এ অর্থনীতিবিদ বলেন, আশঙ্কাবাদীরা বিভিন্ন ধরনের কথা বলছেন। তাদের কথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নিভৃত থাকতেন তাহলে পদ্মা সেতু বাস্তবায়িত হতো না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং করোনাকালীন পরবর্তী সময়ে সব দেশ পুনর্যাত্রা শুরু করেছিল। সে কারণে অধিক চাহিদায় মূল্যস্ফীতি দেখা দিয়েছে। তার ঢেউ বাংলাদেশেও লেগেছে। এ মূল্যস্ফীতি আমাদের কোনো কারণে নয়। এটা বৈশ্বিক।
প্রতিমন্ত্রী বলেন, যেখানে তিন মাসের মাসের সামর্থ্য থাকলেই যথেষ্ট, সেখানে আমাদের পাঁচ মাসের আমদানির সামর্থ্য রয়েছে। তবে বিশ্ব পরিস্থিতির কারণে আমরা সতর্ক রয়েছি। বিদেশ থেকে সাহায্য-সহযোগিতা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা অতীতেও নিয়েছি এখনো নেব।


এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সোহেল মাহমুদ, আসিফ মহিউদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি চাঁদপুরের সভাপতি ডা. আফসানা শর্মী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভুইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।








