
বাসায় গ্যাস নেই বলে , তাই ভিড় রেস্তোরাঁ গুলোতে



মায়ের দোয়া বিরিয়ানি হাউসটি মিরপুর ১ নম্বর সেকশনের শাহ আলী মার্কেটে। আজ মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে গিয়ে দেখা গেল, মানুষের ভিড়ে দোকানির কাছে যাওয়ার কোনো উপায় নেই। শুধু শোনা যায়, ‘আমারে দুই প্যাকেট’, ‘আমাকে চার হাফ’ দিন।


কোনোরকমে ঠেলেঠুলে ভেতরে ঢোকার পর বিক্রেতা মোহাম্মদ হোসেন বলেন, দুপুর ১২টার পর মানুষের চাপ শুরু হয়েছে। সেই থেকে একমুহূর্তের বিরাম নেই। ইতিমধ্যে চার ‘ডেগ’ (বড় হাঁড়ি) বিরিয়ানি বিক্রি করেছেন। অন্য সময় দুই ঘণ্টায় এক থেকে দেড় হাঁড়ি বিক্রি হয় তাঁর।
রাজধানীর পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় আজ এই দৃশ্য দেখা গেছে। এর কারণ হলো ঘরে চুলায় গ্যাস না থাকা। আমিনবাজার এলাকায় সড়কে কাজের সময় মাটির গভীরে গ্যাসের একটি পাইপ ফেটে যাওয়ায় এ সমস্যা দেখা দেয় মিরপুর, লালমাটিয়া, মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগানসহ আশপাশের এলাকায়।
মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় একটি খাবার দোকান থেকে খিচুড়ি কিনে ফিরছিলেন সালেহা আক্তার। সঙ্গে তাঁর দুই শিশুসন্তান। তিনি বলেন, ‘সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখি গ্যাসের চাপ কম। কোনোরকমে রুটি ভাজতে পেরেছিলাম। দুপুরের রান্না করতে পারিনি।’
মিরপুরের পীরেরবাগ, আগারগাঁও, ঝিগাতলা, ধানমন্ডির সাতমসজিদ রোড ও কলাবাগান এলাকা ঘুরে খাবারের দোকানে মানুষের ভিড় দেখা যায়। জিগাতলায় সুলতান ডাইনস নামের একটি রেস্তোরাঁয় গিয়ে দেখা গেল ক্রেতার বেশ ভিড়।
তিতাস জানিয়েছে, মেরামতকাজ শেষ হলে স্বাভাবিক অবস্থা ফিরবে। তিতাসের মহাব্যবস্থাপক (অপারেশন) আজ বিকাল সোয়া চারটায় প্রথম আলোকে বলেন, তাঁরা সন্ধ্যা সাতটার মধ্যে শেষ করার আশা করছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক কখন হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন।
সুত্র:প্রথম আলো



























