
দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট (প্রধান শিক্ষক) মাওলানা নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল ইসলাম চঞ্চল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাদল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে এই মাদ্রাসার শিক্ষার গুণগত মান আরও উন্নত করা অপরিহার্য।” শিক্ষকদের আধুনিক শিক্ষাদান পদ্ধতি ও প্রযুক্তির সাথে অভ্যস্ত করতে নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, মাদ্রাসার অসমাপ্ত কাজগুলো চাঁদপুর-০২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর জালাল উদ্দিনের মাধ্যমে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার। তিনি বলেন, “শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার পাশাপাশি তাদের মাঝে নৈতিকতা, সততা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে হবে।”
অন্যান্য বিশেষ অতিথির মধ্যে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর বলেন, “শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে তাদের সঠিক মেধা মূল্যায়ন করা জরুরি।” উক্ত সমাবেশে মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এবং সোয়ানটেক্স লিমিটেডের অ্যাকাউন্টস, ফাইন্যান্স অ্যান্ড ইন্টারনাল অডিটের ম্যানেজার মাজহারুল ইসলাম সোহাগের উপস্থিতিতে উক্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন দক্ষিণ দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তফা গাজী, ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মনির মিজি, যুবদল নেতা মামুন, ইয়াসিন, কবির, আনোয়ার, মনির রাজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।


























