
ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, কাঁটা তারে জিম্মি এক পরিবার


চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সরকারি রাস্তা ও চলাচলের পথে কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগের প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিস থেকে সরেজমিন তদন্ত করা হয়েছে এবং তদন্তে অভিযোগের সত্যতাও মিলেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দায়চারা গ্রামের মৃত আব্দুল মন্নাফ পাটোয়ারীর ছেলে মো. আবু মোহাম্মদ কাউছার সরকারি রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান। এই আবেদনের প্রেক্ষিতে পাইকপাড়া (দক্ষিণ) ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহাদাত হোসেন সরেজমিন তদন্ত পরিচালনা করেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯২ দাগের কিছু অংশ ভূমি ‘রাস্তা’ হিসেবে রেকর্ডভুক্ত রয়েছে। কিন্তু বিবাদী শিমুল ও বকুল এবং তাদের পরিবারের লোকজন উক্ত রাস্তার এক পাশে বাধার সৃষ্টি করে সিমেন্টের পিলার ও কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। এছাড়া ১৯১ নং দাগে আবেদনকারীর বসতঘর রয়েছে এবং বিবাদীরা নালিশী ভূমিতে মালিকানার স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র বা রেকর্ডপত্র দেখাতে পারেননি।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা ঘর নির্মাণের জন্য ইট, বালু, রড ও সিমেন্ট আনলেও প্রতিপক্ষরা জোরপূর্বক তা নিয়ে গেছে এবং চলাচলের রাস্তা আটকে দিয়েছে। পরিবারের পুরুষ সদস্যরা প্রবাসে থাকায় নারী ও বৃদ্ধরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিনিয়ত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং নির্মাণকাজে বাধা দেওয়া হচ্ছে।
স্থানীয় ভূমি অফিসের তদন্ত কর্মকর্তা বিবাদীদের সাথে কথা বলে বেড়া অপসারণ করে চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়ার অনুরোধ জানালেও তারা তা মানেননি।


পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি), ফরিদগঞ্জ, চাঁদপুরের দপ্তরে প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে প্রতিপক্ষ শিমুলের পরিবার এ বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় কোন বক্তব্য দিতে নারাজ।




























