
ফরিদগঞ্জে ১৪ বছরের কিশোরকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি


চাঁদপুরের ফরিদগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কিশোরের বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় আবদুল খালেক (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের গাব্দের গাঁও দক্ষিণ পাড়ার বাসিন্দা।


এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ওই কিশোর স্থানীয় কালির বাজারে ফুচকা খেতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত ব্যক্তি তাকে একা পেয়ে জোরপূর্বক একটি মসজিদের ছাদে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে কিশোর গুরুতর অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে ছাদে কিশোরের গোঙানির শব্দ শুনতে পেয়ে স্থানীয় কয়েকজন লোক সেখানে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। তার শারীরিক অবস্থা দেখে তারা পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কিশোরের বাবা জানান, চিকিৎসা ও পারিবারিক ব্যস্ততার কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




























