
প্রায় ৩০ বছর পর গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে উৎসবমুখর গভর্নিং বডি নির্বাচন


দীর্ঘ প্রায় ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে, গণতান্ত্রিক পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি ও হিতৈষী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ভোটার, প্রার্থী ও সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতিতে কলেজ ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করে।
কলেজ সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের পর এবারই প্রথম প্রায় ৩০ বছর পর গভর্নিং বডির নির্বাচন এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো। ফলে নির্বাচনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আবহ সৃষ্টি হয়।


ঘোষিত ফলাফলে দেখা যায়, ৩টি অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন মো. নেছার আহম্মেদ, হাজী মফিজুল ইসলাম চৌধুরী ও মিলন চক্রবর্তী।
শিক্ষক প্রতিনিধি পদে শাহ মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী ও মো. খোরশেদ আলম চৌধুরী, সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি পদে তাজমিরা আক্তার এবং হিতৈষী সদস্য প্রতিনিধি পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে লায়ন ফখরুল আলম ফয়সাল বিজয়ী হন।
নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সকালে কলেজ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ।
পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল।
ভোটগ্রহণ শেষে কেন্দ্র পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া সার্বিক শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
প্রিসাইডিং কর্মকর্তা নাজমুল হোসেন ও কলেজের অধ্যক্ষ হরিপদ দাস বলেন, সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছিল প্রশংসনীয়।
এদিকে বহু বছর পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিজয়ী-বিজিত প্রার্থীসহ সকল ভোটারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কলেজের সাবেক সভাপতি মাহবুব মোর্শেদ কচি এবং ডা. আবুল কালাম আজাদ। তাঁরা বলেন, দীর্ঘদিন পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন সফল নির্বাচন কলেজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

























