
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় কচুয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা


চাঁদপুরের কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্ৰামে সদ্য এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে নাদিয়া আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার কোয়া চাঁদপুর গ্রামের কালাগাজী বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাদিয়া আক্তার উপজেলার তুলপাই গ্ৰামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। তিনি চান্দিনার কৈলাইন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বেশ কিছুদিন আগে প্রকাশিত ফলে তিনি তিন বিষয়ে অকৃতকার্য হন। এরপর থেকেই তিনি মানসিক চাপে ছিলেন বলে জানা গেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাদিয়ার বাবা দ্বিতীয় বিয়ে করায় তার মা নুরুন্নাহার বেগমের কোনো খোঁজখবর নিতেন না। মা ও দুই বোনকে নিয়ে নানাবাড়ি কোয়া চাঁদপুর গ্ৰামে বসবাস করতেন নাদিয়া।


নিহতের মা নুরুন্নাহার বেগম জানান, রাতে ডিউটি শেষে শুক্রবার সকাল ১০টায় বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে আড়ার সাথে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তিনি আরও জানান, পরীক্ষায় ফেল করার পর মেয়ের সাথে কোনো বকাঝকা করা হয়নি।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও এর পেছনে অন্য কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।


























