
শহিদ রুমি স্মৃতি পাঠাগারের আয়োজনে ‘পদ্মানদীর মাঝি’ নিয়ে পাঠচক্র


চাঁদপুরে সাহিত্য-সংস্কৃতি চর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে শহিদ রুমি স্মৃতি পাঠাগারের উদ্যোগে ‘পদ্মানদীর মাঝি: প্রান্তিক মানুষের জীবন ও সমাজবাস্তবতা’ শীর্ষক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ আগস্ট বিকাল ৫টায় শহরের নতুন বাজারস্থ এমএইচ চৌধুরী অডিটোরিয়ামে এই পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠাগারের চলমান ‘পাঠাগার আন্দোলন’-এর ধারাবাহিকতায় ‘মাসে একটি বই’ স্লোগান নিয়ে এ আয়োজনের সূচনা হলো।
অনুষ্ঠানের আলোচ্য গ্রন্থ ছিল কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মানদীর মাঝি’। আলোচকরা উপন্যাসে উঠে আসা চাঁদপুরের নদীকেন্দ্রিক জীবন, প্রান্তিক মানুষের সংগ্রাম, মার্কসবাদী দর্শন, আঞ্চলিকতার প্রভাব, পুঁজিবাদী আগ্রাসন এবং চরিত্রগুলোর মাধ্যমে সমকালীন সমাজবাস্তবতা তুলে ধরেন। পাশাপাশি ব্রিটিশ ঔপন্যাসিক অ্যালডাস হাক্সলির ‘Island’ উপন্যাসের সঙ্গে ‘পদ্মানদীর মাঝি’-এর আনুষঙ্গিক মিল এবং বর্তমান প্রজন্মের জন্য উপন্যাসের শিক্ষা ও সম্ভাবনাময় জীবনযাত্রা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।


অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান।
আলোচক হিসেবে অংশ নেন:
কবি ও কথাশিল্পী রাজীব দাস, লেখক ও গবেষক লিটন শীল, প্রভাষক, বাংলা বিভাগ, পুরানবাজার ডিগ্রি কলেজ, কথাসাহিত্যিক শাহমুব জুয়েল, প্রভাষক, বাংলা বিভাগ, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও প্রভাষক নাজমুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের ইনচার্জ রহিমা আক্তার কলি।
সভাপতির সমাপনী বক্তব্য রাখেন আয়কর উপদেষ্টা ও ত্রৈমাসিক ‘মুক্তবাক’-এর উপদেষ্টা মন্ডলীর সদস্য আবদুল্লাহ আল ফারুক।
এসময় উপস্থিত ছিলেন শহিদ রুমি স্মৃতি পাঠাগারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল, শতফুল খেলাঘর আসরের ইনচার্জ হোসাইন রাব্বি, প্রকৌশলী সুলতান মাহমুদ, শিক্ষক সাবিনা ইয়াসমিন এবং পাঠাগারের কো-ইনচার্জ সাকিব আল ইমাম, আসিফুল আলম ও রুবেল হোসেনসহ সাহিত্যপ্রেমী ও শিক্ষার্থীরা।




























