
সাদুল্ল্যাপুরে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে তৎপর যুবদল, মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাইকে কেন্দ্র করে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। দলীয় ঐক্য সুদৃঢ় ও নেতাকর্মীদের সক্রিয় করতে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকারের নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রাটি চান্দ্রাকান্দি বেরিবাঁধ এলাকা থেকে শুরু হয়ে বেলতলী বাজার বেরিবাঁধ, বদরপুর লেংটার মাজারে জিয়ারত, সাদুল্ল্যাপুর মোড়, আমিয়াপুর মোড়, পাঠানবাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বান্ডারিবাজারে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সাদুল্ল্যাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিএম মাসুদ রানা সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, সদস্য ফয়েজ মেম্বার, সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হারুনুর রশীদ, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাইফুল মাস্টার, এবিএম মাসুদ রানা এবং সাদুল্ল্যাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান প্রধান।


বক্তারা বলেন, ইতোমধ্যে একাধিক ব্যক্তি চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন। তবে দলীয় সিদ্ধান্তই হবে চূড়ান্ত। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন যোগ্য ও গ্রহণযোগ্য একজন প্রার্থীকে দলীয় সমর্থনের জন্য নির্বাচন করবেন। সেই প্রার্থীর পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করা হবে।
তারা আরও বলেন, ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে নিবেদিত একজন সৎ, যোগ্য ও জনবান্ধব চেয়ারম্যানকে নির্বাচিত করতে চান তারা। একই সঙ্গে সাদুল্ল্যাপুর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি আদর্শ ইউনিয়নে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
পথসভায় বক্তারা মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো অপতৎপরতা বা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের সর্বদা সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।








