
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান


“গাছ বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং শিক্ষক শাহ জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য রফিকুল ইসলাম।


বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান তারা।
এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হান্নান মিয়া, সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।








