
মালীগাঁও উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মালীগাঁও উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষক মহিন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অভিভাবক সদস্য আবুল বাশার।


অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (বাংলা) ও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম মিজি এবং সহকারী শিক্ষক (ইংরেজি) শ্রী কাত্তিক চন্দ্র দেবনাথকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা বিদায়ী দুই শিক্ষকের কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষাদানের মাধ্যমে তাঁরা অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত করেছেন এবং বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিদায়ী শিক্ষকদ্বয় বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজেদের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে সকলের কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিদায়ী দুই শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।








