
হাজীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় চাঁদপুরের হাজীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আবদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা নাসরিন আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব আব্দুল রহিম পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।


অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন পার্টনার প্রকল্পের আওতায় চলমান বিভিন্ন কার্যক্রম এবং কংগ্রেসের উদ্দেশ্য তুলে ধরেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হাজীগঞ্জ এ কংগ্রেসের আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কংগ্রেসে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে কৃষকদের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসছে।
অনুষ্ঠানে ফিল্ড স্কুলের সফলতা, কৃষকদের অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি উন্নত কৃষি প্রযুক্তি, পুষ্টিকর ফসল উৎপাদন এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের কংগ্রেস কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ জোরদার এবং আধুনিক কৃষি জ্ঞান ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে স্বাগত জানান।








