
ময়লার স্তুপের আগুনে ঝলসে গেলো শিশু শ্রেণীর ছাত্রী
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় খেলতে গিয়ে আগুনে পুড়ে ঝলসে গেছে শিশু সামিয়ার (৬) শরীর। মঙ্গলবার দুপুরে উপজেলা তেতৈয়া গ্রামের ৪১নং সরকারি প্রাথমিক বিদালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক হাসান জানান, শিক্ষার্থী সামিয়া শিশু শ্রেণীর ছাত্রী। দুপুর ১২ টায় বিদ্যালয় ছুটির পর সে বড় বোনের জন্য অপেক্ষা করতে গিয়ে অন্য শিক্ষার্থীদের সাথে মাঠে খেলা করে। বেলা সাড়ে ১২ টার দিকে মেয়েটি শরীরে আগুন নিয়ে চিৎকার দিতে দিতে বিদ্যালয়ের বারান্দার দিকে ছুটে আসছে। শিক্ষক সোহেল রানা তাৎক্ষনিক ছুটে গিয়ে মেয়েটির জামা ছিড়ে পেলে। এসময় আমাদের উভয়ের দু’হাত ঝলসে যায়। ততক্ষনণ মেয়েটির শরীরের ৭০ ভাগ অংশ পুড়ে গেছে। পরে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন।
সামিয়ার বাবা মিজানুর রহমান জানান, আমার দুই মেয়ে বড় মেয়ে তেতৈয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। ছোট মেয়ে সামিয়া শিশু শ্রেণীর ছাত্রী। স্কুল ছুটি হওয়ার পর বড় বোনের জন্য অপেক্ষা করতে গিয়ে অন্য শিক্ষার্থীদের সাথে খেলার চলে ময়লার আগুনের স্তুপে পড়ে গিয়ে তার শরীর ঝলসে যায়। খবর পেয়ে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে নিয়ে যাই।’








