
অবৈধ ভাবে খাল ভরাট করে বাড়ি নির্মাণ, পানিবন্ধি এলাকাবাসী !


কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামে যত্রতত্র ভাবে সরকারি খাল দখল করে বাড়ি নির্মান করায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতা চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। গত ৩ দিনের টানা বৃষ্টিতে তেগুরিয়া গ্রামের অন্তত ৫ বাড়ির, শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
স্থানীয় অধিবাসী সাবেক ইউপি সদস্য মোখলেছুর রহমান প্রধান,ছিদ্দিকুর রহমান প্রধান, জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুর রহমান প্রধান, আলী হোসেন ও বিল্লাল হোসেনসহ একাধিক ভ‚ক্তভোগী পরিবার জানান, তেগুরিয়া গ্রামের মজু প্রধানীয়া বাড়ির মসজিদ সড়কের এ রাস্তাটি একটি পুরনো ও একমাত্র চলাচলের রাস্তা। এ রাস্তার পাশে বিখ্যাত খিরাই খাল পর্যন্ত সংযোগ রয়েছে। খালটি কতিপয় লোকজন ভরাট করার ফলে বর্ষা মৌসুমসহ হঠাৎ বৃষ্টি হলে জলাবদ্ধাতায় চরম দুর্ভোগ পোহাতে হয় আমাদের। এছাড়া রাস্তা সংলগ্ন ডোবায় পানি জমাট হওয়ায় রাস্তা ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় লোকজন জানান, আইনের কোনো তোয়াক্কা না করে তেগুরিয়া পাটওয়ারী বাড়ির জহিরুল ইসলাম পাটওয়ারী অতি সম্প্রতি খালের উপর পাকা দোকান নির্মান করেন। এর আগে একই গ্রামের চারু পাটওয়ারী,আব্দুল আজিজ পাটওয়ারী,অলি উল্যাহ পাটওয়ারী জসিম উদ্দিন পাটওয়ারীসহ বেশকিছু লোকজন ওই খালটি ভরাট করে ইচ্ছে মতো বাড়িঘর নির্মান করে বসবাস করে আসছেন। এ বিষয়ে স্থানীয় সাংসদ,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বরাবর স্থানীয় লোকজন লিখিত অভিযোগ দায়ের করেও কোনো সুফল পায়নি।


দ্রুত খালটি অবৈধ দখলকারীদের কাছ থেকে উদ্ধার করে জলাবদ্ধতা দূরীকরণে খাল খনন করে পানি চলাচলের উপযোগী করতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে এলাকাবাসী।



























