
সম্পত্তিগত বিরোধ: মতলব উত্তরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে বাবা আবদুস সোবহান প্রধান (৫০) নিহত হয়েছে। বুধবার দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া আমতলা গ্রামের প্রধানীয়া বাড়ীতে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে।
নিহত আব্দুস সোবহান প্রধান ( ৫০) মৃত আমির বক্স প্রধানের ছেলে। ঘাতক ছেলে নোমান হোসেন প্রধান (২৮) সম্প্রতি সৌদি থেকে দেশে ফিরেন। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
হাসপাতাল ও এলাকাবাসী জানায়, বাড়ীর জায়গা- সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে পারিবারিক কলহ চলছে। তার ৩ ছেলের মধ্যে দ্বিতীয় ছেলে সৌদী প্রবাসী নোমান হোসেন প্রধান। তার নামে সম্পত্তি লিখে দেয়ার জন্য তার বাবাকে চাপ সৃষ্টি করে। এ নিয়ে বাপ- ছেলের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে নোমান হোসেন প্রধান তার বাবার বুকে আঘাত করে। ভাতীজাসহ বাড়ীর লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক বলেন, ছেলের ছুরিকাঘাতে বাবা খুনের বিষয়টি জেনেছি। পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেয়া হয়নি। তবে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।








