
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু


কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মো. সানজিদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা গুণবতী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
বিকেলে গুণবতী রেলস্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সানজিদের ফুপা মাস্টার মিলন হোসেন সাংবাদিকদের বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে গুণবতী রেলস্টেশনের গোডাউনের পাশে ফুফুর বাড়ির ঘরের কাজের মিস্ত্রির সাথে কথা বলে বাড়ি ফিরছিলেন সানজিদ। পথিমধ্যে গুণবতী রেলস্টেশনে (৪নং লেনে) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখে বিপরীত দিকে না দেখেই রেললাইনের ওপর দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় (স্টেশনের ২নং লেন) চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের দ্রুতগতির অপর একটি ট্রেনের মুখে পড়ে যায় সানজিদ। মুহূর্তের মধ্যে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।


গুণবতী রেলস্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ১০টা ৪৪ মিনিটে গুণবতী রেলস্টেশনে ৪নং লেনে অবতরণ করে ১০টা ৪৬ মিনিটে ছেড়ে যায়। অপরদিকে চট্টগ্রামগামী সোনার বলা এক্সপ্রেস ১০টা ৪৭ মিনিটে স্টেশনের ২নং লেন দিয়ে অতিক্রম করছিল। এ সময় স্টেশন থেকে একটু দূরে সানজিদ নামে এক ছেলে কাটা পড়ে নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা লাশ নিয়ে গেছে।








