
চাঁদপুরে আশ্রয়কেন্দ্রে উঠেছে অর্ধশত পরিবার
Link Copied Successfully!

ভারি বৃষ্টিপাত ও জলাবদ্ধতার শিকার হয়ে চাঁদপুরে আশ্রয়কেন্দ্রে উঠেছে অর্ধশত পরিবার। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে সার্বিক তদারকি ও শুকনো খাবার দেয়া হয়েছে৷ তাদের।
এছাড়া জেলার হাইমচরের নীলমকল ইউনিয়ন ভাঙ্গনের কবলে পড়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ।
টানা বৃষ্টিতে ডাকাতিয়া নদীর পানি ১ থেকে ২ ফুট উঠানামা করছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড। এছাড়া পদ্মা-মেঘনায় রয়েছে প্রবল স্রোত। জেলার হাজীগঞ্জ , শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলার কয়েকশ পরিবার পানি বন্দি হয়ে আছে।
এদের মধ্যে হাজীগঞ্জ উপজেলার ১০ নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ২৫ টি পরিবার, ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার একটি প্রাথমিক বিদ্যালয় ও নাসিরকোটের একটি আশ্রয় কেন্দ্রে কিছু পরিবার আশ্রয় নিয়েছে।
এদিকে জলাবদ্ধতায় ফরিদগঞ্জ উপজেলার মৎস্য চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে, রাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় সদর উপজেলার রাজরাজেশ্বর ও ইব্রাহীমপুর ইউনিয়নের কিছুটা শংকামুক্ত। প্রত্যেক উপজেলায় মনিটরিং করার জন্য কন্ট্রোলরুম খোলা হয়েছে। অপরদিকে জেলা পুলিশ প্রশাসন, কোস্টগার্ড , নৌ-পুলিশসহ সামাজিক সংগঠনগুলো প্রস্তুত রয়েছে।








