
এতিমখানায় হানা, কাপড়-বিছানায় ধারালো অস্ত্রের কোপ!


বাগেরহাটের মোরেলগঞ্জে আলহাজ্ব রহমাতিয়া স্মৃতি শিশু সদন ও এতিমখানায় হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তের দল। সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ্ব রহমাতিয়া স্মৃতি শিশু সদন ও এতিমখানায় এ হামলার ঘটনা ঘটে।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার সময় এতিমখানার আবাসিকে থাকা ১৪ জন এতিম শিশুছাত্রসহ সবাই এতিমখানাসংলগ্ন মসজিদে নামাজে ছিলেন। দুর্বৃত্তরা শিশুদের কাপড়চোপড়, বিছানা ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। ভাঙচুর করা হয়েছে ফ্যান ও সিসি ক্যামেরা।


খবর পেয়ে অনেক অভিভাবক তাদের শিশুদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য এতিমখানায় জড়ো হয়েছেন।
থানার ওসি মো. সাইদুর রহমানসহ পুলিশের একটি বড় বহর ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কী কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, দুই বছর আগে এ এতিমখানারই এক শিশুকে এতিমখানা অভ্যন্তরেই অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে।
সূত্র: কালের কণ্ঠ
E/N








