
প্রথম রাতেই অগ্নিকান্ড
নতুন ফায়ার সার্ভিস পেয়ে খুশি মতলববাসী
Link Copied Successfully!

ফায়ার সার্ভিস স্টেশনে সরঞ্জাম আসার পরেই আগুন নিভাতে ছুটে যেতে হয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দমকল বাহিনী। দীর্ঘকালের স্বপ্ন পূরণ হওয়া মতলববাসী পেলো অগ্নিনির্বাপক স্টেশন।
মঙ্গলবার থেকে মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম শুরু হয়।
পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম নিয়ে জনসেবার জন্য প্রস্তুত এই ফায়ার সার্ভিসটি।
১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় পাঁচ লাখ জনসংখ্যা ফায়ার সার্ভিসের এই সুবিধা পাবে।
চাঁদপুর গণপূর্ত বিভাগের দেয়া তথ্যমতে, দুই কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৪৯৫ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট মতলব উত্তর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সুমন আহমেদ বলেন, স্টেশনটি চালু হওয়ার খবরে উপজেলাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। তবে প্রথম দিনেই আগুন নিয়ন্ত্রণের কাজে ছুটে যেতে হয়েছে ফায়র সার্ভিসের দায়িত্বরত কর্মীদের।
জানা গেছে, মতলব উত্তর উপজেলার আনন্দবাজারে মঙ্গলবার রাতে ৫টি দোকান আগুনে পুড়েছে। দেলোয়ার হোসেনের পেট্রোল, অকটেন ও ডিজেলসহ ধার্য পদার্থ বিক্রির দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
মতলব উত্তর উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ার হাউজ ইন্সপেক্টর জাকির হোসেন জানান, প্রথম রাতেই মতলব উত্তর উপজেলায় ফায়ার সার্ভিস থাকার কারণে খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে দুর্ঘটনার স্থলে পৌঁছে সেবা দিতে সক্ষম হয়েছি। তিনটি ইউনিট একসাথে কাজ করতে হয়েছে।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন, মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জনবলসহ ১টি পানিবাহী গাড়ি ও ১টি পাম্প টানা গাড়িসহ সকল সরঞ্জাম দেয়া হয়েছে। এখন থেকে উপজেলায় এ সেবা দেয়া হবে।








