
পাঁচ বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা


দেশের পাঁচ বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা আছে। এর সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া। আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে এখন অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির আজ বলেন, সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। রাজধানী ঢাকাতেও আজ সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা আছে কিছুটা।


তরিফুল নেওয়াজ কবির বলেন, বৃষ্টি হওয়ার পর তাপমাত্রা কিছুটা কমবে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১১ ডিগ্রি সেলসিয়াস।
সূত্র: যুগান্তর
E/N



























