
পিরের আস্তানার পাশে রঙিন কাপড়ে মোড়ানো ফুটফুটে নবজাতক


নাটোরের লালপুরে পিরের আস্তানার পাশে একটি গমক্ষেত থেকে কাপড়ে মোড়ানো এক ফুটফুটে নবজাতক ছেলেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার রাধাকান্তপুর হাকিম পিরের আস্তানার পূর্বপাশের গমক্ষেত থেকে নবজাতক ছেলেটিকে উদ্ধার করা হয়।
পরে শিশুটিকে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এখনো পর্যন্ত নবজাতকের পরিচয় সন্ধান করা সম্ভব হয়নি।
লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন ও স্থানীয়রা জানান, উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বাবুল হোসেন প্রতিদিনের মতো সকালে হাঁটার জন্য রাস্তায় বের হন। এ সময় রাধাকান্তপুর হাকিম পিরের আস্তানার পূর্বপাশ দিয়ে যাওয়ার সময় রঙিন প্রিন্টের শাড়ি কাপড়ে মোড়ানো এক নবজাতককে গমের জমির মধ্যে পড়ে থাকতে দেখতে পান। পরে নবজাতক ছেলেটিকে উদ্ধার করে নিয়ে বাবুল হোসেন তার বাড়িতে নিয়ে আসেন।


পরিবারের লোকজনসহ গ্রামবাসী বিষয়টি জানতে পেরে লালপুর থানা পুলিশে খবর দেন। পুলিশ এসে বিস্তারিত শুনে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. খোরশেদ আলম জানিয়েছেন, শিশুটিকে সকাল ৯টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। বিষয়টি লালপুর উপজেলা সমাজসেবা অফিসে জানানো হয়েছে। পরবর্তীতে শিশুটির পিতামাতার পরিচয় না পাওয়া গেলে লালপুর উপজেলা সমাজসেবা অফিসের পক্ষ থেকে শিশুটির দায়িত্বভার নেওয়া হবে বলে জানা গেছে। তবে পুলিশ শিশুটিকে কে বা কারা এভাবে গমের জমিতে ফেলে রেখে গেছে তা বের করার জন্য তদন্ত শুরু করেছে।
সূত্র: যুগান্তর
E/N



























