
ভাই আমার কথা বলতে বলতে চুপ হয়ে গেল


ইউক্রেনে বাংলাদেশি জাহাজে গোলার আঘাতে নিহত নাবিক হাদিসুর রহমানের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। ছেলে নিহত হওয়ার খবর পেয়ে ভেঙে পড়েছেন মা-বাবা। শোকে মুহ্যমান পরিবারের অন্য স্বজনেরা। হাদিসুরের মৃত্যুর খবরে এলাকার মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
আজ বৃহস্পতিবার সকালে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে গিয়ে দেখা যায়, স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেছেন হাদিসুরের বাড়িতে। তাঁর মা আমেনা বেগম ছেলে হারানোর শোকে মূর্ছা যাচ্ছেন। তিনি বিলাপ করে বলছিলেন, ‘বুধবার হাদিস আমাকে ফোন দিছিল। আমি ডাক্তার দেখায়েছি কি না, জানতে চাইছিল। আমার ছেলে আমাকে বলছে, “মা, তুমি আমাদের ভাইবোনদের পুতুলের মতো করে সাজিয়ে তুলে তুমি কোথায় যাবা। মা, তুমি না বাঁচলে আমরা বেঁচে থেকে কী লাভ।” আইজ আমার বাবাই তো নাই!’
বুধবার বিকেলে হাদিস মুঠোফোনে মা আমেনা বেগম ও ছোট ভাই গোলাম রহমানের সঙ্গে কথা বলছিলেন। মায়ের সঙ্গে কথা বলা শেষে ছোট ভাইয়ের সঙ্গে কথা বলার সময়ই বিকট শব্দ শোনা যায়। এরপর ফোনের ওপ্রান্তে আর কোনো সাড়াশব্দ নেই। সংযোগ বিচ্ছিন্ন। বারবার ফোন করেও আর সংযোগ পাওয়া যায়নি। দিনভর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই ছিল পুরো পরিবার ও স্বজনেরা। রাত ১০টার দিকে প্রথম হাদিসুরের মৃত্যুর খবর নিশ্চিত হয় পরিবার।


সূত্র: প্রথম আলো
E/N



























