
অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে ছিনতাই, গ্রেফতার ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে ছিনতাইয়ের ঘটনায় করা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রকি মজুমদার (১৮) সিরাজপুরের ৪নং ওয়ার্ডের বিরাহীমপুর গ্রামের শ্যামল মজুমদারের ছেলে, একই গ্রামের বেলালের ছেলে মো. নাজিম (২১) ও আলাউদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (২২)।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম রোববার রাতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, রোববার উপজেলার ১নং সিরাজপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রকি মজুমদারের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি মোবাইল ও নাজিম উদ্দিনের কাছ থেকে নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামিরা সিরাজপুরের ৭নং ওয়ার্ডের হাবিবপুরের সরকারদীঘি এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কবিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর আলীপুর গ্রামের মো. শাহেদ বাদী হয়ে ছিনতাইয়ের মামলা (নম্বর-৯) করেন।
মামলার বাদী মো. শাহেদ জানান, গত বৃহস্পতিবার দিনগত রাত সোয়া ৩টায় দুধমুখা-ভুঁইয়ারহাট সড়কের হাবিবপুরে অটোরিকশা থামিয়ে যাত্রীদের থেকে আসামিরা অস্ত্রের মুখে ছয়টি মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ দুই লাখ ১২ হাজার ৬৮০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সূত্র: যুগান্তর
E/N



























