
ফলাফল ঘোষণা নিয়ে বিজিবির গুলিতে চারজনের মৃত্যু

বগুড়ার গাবতলীর একটি কেন্দ্রে নৌকার চেয়ারম্যান প্রার্থীর ফলাফল ঘোষণা নিয়ে দায়িত্বশীলরা গড়িমসি করায় বিক্ষুব্ধ সমর্থকরা কেন্দ্র ভাংচুর, বিজিবি, পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও অবস্থান নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
বুধবার সন্ধ্যায় বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা অন্তত ২৫ রাউন্ড গুলিবর্ষণ করেছেন। এ সময় এক নারীসহ চারজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের বগুড়া শজিমেকসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী গুলিতে চারজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান জানান, আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলিবর্ষণ করলেও কেউ নিহত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।


তিনি বলেন, হামলায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ, একজন পুলিশ ও একজন বিজিবি সদস্য আহত হয়েছেন।
গুলিতে নিহতরা হলেন- গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা গ্রামের খোকন মণ্ডলের স্ত্রী কুলসুম আকতার (৩৫), একই গ্রামের মৃত ছিফাতুল্লাহর ছেলে আবদুর রশিদ (৬০), মকবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও মৃত ছহির উদ্দিন আকন্দের ছেলে খোরশেদ আলী (৭০)।
আহতদের কয়েকজন হলেন- মালিয়ানডাঙ্গা গ্রামের সাবেক মেম্বর আবদুর রশিদ, মেহেদী ও রাসিব।
সূত্র: যুগান্তর
E/N



























