
উদ্বোধনের আগেই দৃষ্টি কেড়েছে ৩০ কোটি টাকার মসজিদটি


সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মিত হয়েছে নজরকাড়া সৌন্দর্যমণ্ডিত একটি মসজিদ। যা উদ্বোধনের আগেই দৃষ্টি কেড়েছে সবার।শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের মধ্য দিয়ে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ নামে এ মসজিদটির উদ্বোধন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আবদুল মমিন মণ্ডলসহ প্রশাসন, জনপ্রতিনিধি ও দেশ বরেণ্য আলেম-ওলামাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে, উদ্বোধন হবার আগেই মসজিদটি তার দৃষ্টিনন্দন নির্মাণশৈলী দ্বারা দৃষ্টি কেড়েছে সিরাজগঞ্জবাসীর। অনেকেই ধারণা করছেন নির্মাণশৈলীর দিক থেকে দেশের অন্যতম সেরা মসজিদ হবে এটি।


সিরাজগঞ্জ শহর থেকে ২০ কিলোমিটার দূরে বেলকুচি পৌরসভা এলাকার ০৭ নম্বর ওয়ার্ডের মুকন্দগাঁতী মহল্লায় সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের পশ্চিম পাশে আড়াই বিঘা জমির ওপর নির্মিত হয়েছে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ।
স্থানীয় সূত্র জানায়, মুকুন্দগাঁতী এলাকার বাসিন্দা রহমত গ্রুপের চেয়ারম্যান প্রয়াত শিল্পপতি মোহাম্মদ আলী সরকারের নির্মিত বাহেলা খাতুন চক্ষু হাসপাতাল এলাকার দুস্থ রোগীদের দীর্ঘদিন ধরে বিনামূল্যে সেবা দিয়ে আসছে। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে তিনি আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
কলেজছাত্র নুরন্নবী ও হাফিজুল বলেন, আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদের স্থাপত্যশৈলী যেকোনো দর্শককে মুগ্ধ করবে। বিশেষ করে মসজিদের সম্মুখের উচ্চ দু’টি সিঁড়ি এবং ব্যতিক্রমী প্রবেশপথ ও প্রধান ফটক যে কারও দৃষ্টি কাড়ে।
মসজিদ নির্মাণকালীন সময়ে দেখ-ভালের দায়িত্বপ্রাপ্ত ওয়াদুদ হোসেন বাংলানিউজকে বলেন, এই মসজিদের পাশেই ইমাম ও মোয়াজ্জিনদের থাকার জন্য কোয়াটার নির্মাণ করা হয়েছে। রয়েছে পাঠাগার ও শৌচাগার। সেইসঙ্গে মসজিদের প্রবেশ পথের দুই সিঁড়ির পাশে কাঁচে ঘেরা অটো ফিল্টার করা পানি দিয়ে ওজুর ব্যবস্থা আছে।
সূত্র: বাংলানিউজ
H/N




























