
হাসপাতালেই আছেন মুখ্যমন্ত্রী মমতা, বসছে মেডিকেল বোর্ড


কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে হামলায় আহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে উঠছেন। তাঁর এখন শুধু পায়ের গোড়ালিতে ব্যথা। তবে প্লাস্টার করা আছে বাঁ পায়ে। এ অবস্থায় তাঁর চিকিৎসায় গঠিত কলকাতার পিজি হাসপাতালের মেডিকেল বোর্ড আজ শুক্রবার সকালে বৈঠকে বসছে। শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাঁকে এখনই হাসপাতাল থেকে ছাড়া হবে কি না, সে সিদ্ধান্ত নেবে তারা।
এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা গতকাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তায় জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর নির্বাচনী প্রচার বন্ধ করবেন না। হুইল চেয়ারে বসেই এতে অংশ নেবেন। মমতা আগামীকাল শনিবার এবং পরশু রোববার পুরুলিয়া ও বাঁকুড়ায় ইতিমধ্যে ঘোষিত তাঁর ৫টি প্রচারসভা বাতিল করেছেন। এসব সভার তারিখ নতুন করে নির্ধারণ করা হবে।
গত বুধবার নন্দীগ্রাম আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নপত্র জমা দিয়ে বিভিন্ন মন্দির ঘুরে ফেরার পথে নিজের গাড়ির দরজায় আঘাত পেয়ে আহত হন তিনি। ঘটনার পরপরই তিনি অভিযোগ করেন, ভিড়ের মধ্যে কয়েকজন তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় সেখানে পুলিশ সদস্যরা ছিলেন না। এই ঘটনার তদন্ত দাবি করেছে বিভিন্ন দল।


এদিকে মমতার ওপর কথিত হামলার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজ বিকেলে পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে কালো পতাকা হাতে ও মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করবে। ইতিমধ্যে, গতকাল পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন দপ্তর জানিয়ে দিয়েছে, আজ শুক্রবারের মধ্যে রাজ্যের মুখ্যসচিবকে ওই ঘটনার ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিতে হবে।
অন্যদিকে আজ মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিরাট মিছিলযোগে বিকেলে হলদিয়ার মহকুমা প্রশাসকের হাতে মনোনয়নপত্র জমা দেবেন তিনি।


























