
চাঁদপুরে বিশেষ অভিযানে অব্যাহত, পঞ্চম দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগে ১৫ নেতাকর্মীসহ ৮৬ জন আটক


চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কার্যক্রম কঠোরভাবে দমনে পুলিশের বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ১৫ জন নেতাকর্মী, ১৩ জন মাদক কারবারি ও সেবীসহ মোট ৪৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন এলাকা থেকে ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।
এ নিয়ে জেলায় টানা পাঁচ দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের মোট ১৫৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার রাতে পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ মহড়া প্রদর্শন করা হয়।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ১৫ জনের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, ফরিদগঞ্জে ৫ জন, মতলব দক্ষিণে ১ জন, মতলব উত্তরে ১ জন, হাজীগঞ্জে ২ জন, শাহরাস্তিতে ১ জন এবং কচুয়া থানায় ১ জন গ্রেফতার হয়।
এছাড়া বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি ও সেবী হিসেবে ১৩ জনকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলার ২১ জন আসামীকে গ্রেফতার করা হয়। অপরদিকে জেলাজুড়ে কিশোর গ্যাং দমনে চালানো অভিযানে ৩৭ জনকে আটক করা হয়। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৫ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং অপরাধ নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


























