
চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আজ


সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এ ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও সাধারণ স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন চিকিৎসাসেবা প্রদান করা হবে। সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনের (তৃতীয় তলা) এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনের পরপরই শুরু হবে চিকিৎসাসেবা কার্যক্রম। এতে চাঁদপুরের তিনটি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিম দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. মোবারক হোসেন চৌধুরী এবং চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশ নেবে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল এবং চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল টিম।


২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক দলের মধ্যে থাকবেন ডা. সৈয়দ আহমদ কাজল (মেডিসিন ও কার্ডিওলজি), ডা. নূরে আলম মজুমদার (সার্জারি), ডা. আবদুল্লাহ আল মামুন (চর্মরোগ), ডা. মো. বরকত উল্লাহ (মেডিসিন) ও ডা. নাজমুন নাহার (গাইনি)। তাঁদের সঙ্গে প্যাথলজিস্ট মো. সিরাজ, দুজন নার্স ও তিনজন সহকারী দায়িত্ব পালন করবেন। এ বিভাগ থেকে সাধারণ স্বাস্থ্যসেবা, রক্তচাপ পরিমাপ ও রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা থাকবে।
চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের পক্ষে মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের জেলানী মুন্সীর নেতৃত্বে নাসিমা আক্তার, রাসিদা আক্তার, জসিম উদ্দিন ও রাসেল ইসলাম দায়িত্ব পালন করবেন। এ টিম বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করবে।
অন্যদিকে, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষে চক্ষু চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান, রিফ্রেকশন ইউনিট ইনচার্জ মো. নাসির আহম্মেদ, সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মো. আবু জাফর এবং প্রোগ্রাম অফিসার মো. আলকমিন ও উম্মে দায়িত্ব পালন করবেন। এ টিম বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেবে।
চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য, তাঁদের পরিবারের সদস্য, মাঠপর্যায়ের পেশাগত সাংবাদিক এবং জেলার সাত উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা এ ক্যাম্প থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার কারণে অনেক সময় নিজেদের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ হয়ে ওঠে না। এ বিষয়টি বিবেচনায় রেখে দ্বিতীয়বারের মতো এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পের মাধ্যমে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা একই স্থানে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।
বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের বিশেষভাবে আহ্বান জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
প্রয়োজনে মোবাইল ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যাবে: ০১৭১১০১৩৪৪৪। আয়োজনে: চাঁদপুর প্রেস ক্লাব।
























