
শাহরাস্তিতে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মকবুল আহমেদ সম্পাদক পারভীন সুলতানা লাভলী


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শাহরাস্তি উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি।
শনিবার (১৮ জুলাই) সংগঠনের গঠনতন্ত্রের ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মকবুল আহমেদ মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে পারভীন সুলতানা লাভলী নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে নবগঠিত এ কার্যকরী কমিটি আগামী নির্ধারিত মেয়াদে শাহরাস্তি উপজেলা শাখার প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষকদের পেশাগত অধিকার, কল্যাণ, মর্যাদা রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কমিটি কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


নবনির্বাচিত সভাপতি মকবুল আহমেদ ও সাধারণ সম্পাদক পারভীন সুলতানা লাভলী স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক ও প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের সকল শিক্ষককে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করতে আন্তরিকভাবে কাজ করে যাবেন।
এছাড়াও কমিটির অনুমোদন পাওয়ায় শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অন্যান্য সদস্যরাও আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।



























