
হাজীগঞ্জে ভাড়া ও বিদ্যুৎ বিল নিয়ে বাড়িওয়ালা-ভাড়াটিয়ার সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ


চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার সিয়াম ম্যানশনে ভাড়া ও বকেয়া বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক মিলন মোল্লা জানান, ভাড়াটিয়া পরিবারের কাছে দীর্ঘদিনের বাড়িভাড়া ও বিদ্যুৎ বিল বকেয়া ছিল। পাশাপাশি বাসায় বহিরাগতদের আনাগোনাসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় একাধিকবার সতর্ক করার পরও তারা কর্ণপাত করেনি। এ বিষয়ে তিনি থানায় আগেই অভিযোগ দিয়েছিলেন।
তিনি বলেন, সোমবার বকেয়া বিলের কারণে বিদ্যুৎ বিভাগের কর্মীরা সংযোগ বিচ্ছিন্ন করতে এলে কথা বলার একপর্যায়ে ভাড়াটিয়া পরিবারের সদস্যরা তার ওপর চড়াও হয়। পরে তিনি বাজার থেকে পরিচিত কয়েকজনকে নিয়ে বাড়িতে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।


ভাড়াটিয়া খুরশিদা বেগমের দাবি, থানায় অভিযোগের পর পুলিশ এলে তিনি পুলিশের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দেন। কিন্তু এর মধ্যেই বাড়িওয়ালা পক্ষ তাদের ওপর হামলা চালায়।
তিনি জানান, হামলায় তিনি, তার মেয়ে ও নাতিসহ পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন। এছাড়া ৪টি মোবাইল ফোন, ২টি গলার চেইন ও ২ জোড়া কানের দুল খোয়া গেছে বলেও অভিযোগ করেন।
এই বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফোর্স গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








