
সমাজে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও মাদক প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত


কচুয়া উপজেলার ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে “সমাজে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) বিকালে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাজুলীয়া দরবার শরীফের পীর সাহেব আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী এবং পরিচালনা করেন ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পালাখাল মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাবুল, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম, মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি কবির হোসেন, ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এটি ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভা শেষে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত বক্তা ও অংশগ্রহণকারীরা।




























