
আজ চাঁদপুর ও হাজীগঞ্জ হানাদার মুক্ত দিবস


আজ ৮ ডিসেম্বর চাঁদপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাক-হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় চাঁদপুর। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।
১৯৭১ সালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক হয়ে নৌ-পথে চাঁদপুর ত্যাগ করতে গিয়ে মুক্তিসেনাদের প্রতিরোধের মুখে পড়েন হানাদার বাহিনী। প্রায় ৩৬ ঘণ্টা তীব্র লড়াইয়ের পর ৮ ডিসেম্বর জেলার হাজীগঞ্জ এবং চাঁদপুর শহর হানাদার মুক্ত হয়।
গুরুত্বপূর্ণ নদীবন্দর চাঁদপুরে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন স্থানীয় মুক্তিযোদ্ধা, ছাত্রসংগঠন এবং সাধারণ মানুষ। তীব্র প্রতিরোধের মুখে হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং চাঁদপুর সম্পূর্ণ মুক্ত হয় বলে জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা।


মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে চাঁদপুর পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে বড় স্টেশনে ‘রক্তধারা’ নামে বধ্যভূমি নির্মাণ করা হয়। এর আগে চাঁদপুরের প্রথম শহীদ মুক্তিযোদ্ধা কালাম, খালেক, সুশিল ও শংকরের নামে ট্রাক রোডে নির্মাণ করা হয় ‘মুক্তিসৌধ’ এবং চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে লেকের ওপর ভাসমান মুক্তিস্মৃতি সৌধ ‘অঙ্গীকার’ নির্মাণ করা হয়।
এদিকে চাঁদপুর মুক্ত দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকালে র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজন করেছে জেলা প্রশাসন।
























