
চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত
Link Copied Successfully!

চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। বুধবার রাতে চাঁদপুর শহরের ওয়াপদা গেইটে মোড়ে মোটরসাইকেল ও সিএনজি সংঘর্ষে মোটরসাইকেল চালক জাহিদ পাটোয়ারী (১৮) ও বুধবার বিকালে শাহরাস্তি উপজেলার রাজাপুর মসজিদের সামনে মাটিবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বপন রাঢ়ী (৩৬) নিহত হয়।
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, ওয়াপদা গেইটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালককে প্রথমে আহত অবস্থায় চাঁদপুর সরকারি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দাউদকান্দি এলাকায় মারা যান জাহিদ পাটোয়ারী।
সে সদর উপজেলার বাবুরহাট খলিশাডুলি এলাকার শহিদুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অপরদিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলা রাজাপুর মসজিদের সামনে মাটিবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিযাত্রী মো. স্বপন রাঢ়ী (৩৬) গুরুতর আহত হলে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চান্দিনা এলাকায় মারা যান।
মো. স্বপন রাঢ়ী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কংগাইশ আমচর আলী রাঢ়ী বাড়ির মৃত জুনাব আলীর ছেলে।
চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ বাহার মিয়া ও শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
























