
ইলিশ রক্ষায় নৌ-পথ খননের উদ্যোগ নেয়া হবে: আব্দুর রহমান


মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দিনেও নৌ-পথ খনন করা হয়েছে। এবারও ইলিশ রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশে নৌ- পথগুলো খনন করার উদ্যোগ নেয়া হবে।
মন্ত্রী বলেন, কারেন্টজাল উৎপাদনের মুখ বন্ধ করতে জেলা প্রশাসকদের চিঠি দেয়া হবে। নিষিদ্ধকালীন সময়ে জেলেদের যৌক্তিক কারণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে সহযোগিতার পরিমাণ বৃদ্ধি করা হবে।
সোমবার দুপুরে চাঁদপুরের বড়স্টেশন মোলহেডে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও নৌ- র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেন, সরকার যে নিয়ম বেধে দিয়েছে সেই নিয়ম জেলেদের মানতে হবে।
বেআইনি জালের উৎপাদন বন্ধ করা দরকার। এছাড়া নৌ-পুলিশের মাধ্যমে কোন জেলে যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান তিনি।
মৎস ও প্রানীসম্পদ মন্ত্রনালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
পরে চাঁদপুর বড়স্টেশন মোলহেড থেকে সচেতনতামূলক একটি নৌ-র্যালি বের হয়ে পদ্মা-মেঘনার নদীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন মন্ত্রী।








