
জুন-জুলাই- সেপ্টেম্বর মাস ইলিশের ভরা মৌসুম
তিন কারণে ইলিশ কম, ক্রেতা কম


চাঁদপুরের ইলিশ ঘাটে এখন ইলিশ স্বল্প। বিগত বছরে এমন সময়ে ঘাটে দৈনিক ১০০ মনের উপরে ইলিশ সরবরাহ হতো। আর এখন ব্যবসায়ীদের সন্তুষ্ট থাকতে হচ্ছে দৈনিক মাত্র ৫ থেকে ১০ মন ইলিশ নিয়ে। এর কারণ হিসেবে তিনটি কারণ দেখিয়েছেন বড় স্টেশন মাছ ঘাটের ব্যবসায়ীরা।


তারা বলছেন, বৃষ্টিকম, নদীতে পানি কম ও সমুদ্রে মাছ ধরা বন্ধ। তবে জুন-জুলাই- সেপ্টেম্বর মাস ইলিশের ভরা মৌসুম বলে বলছেন তারা।
সোমবার দুপুরে সরজমিনে গিয়ে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে গিয়ে দেখা মিলল দক্ষিণাঞ্চল থেকে ইলিশের আমদানি নেই। যে কারণে পদ্মা-মেঘনায় জেলেদের আহরিত স্বল্প সংখ্যক রূপালী ইলিশ নিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। তাও আবার খুবই চড়া দামে বিক্রি হচ্ছে। মাত্র কয়েকজন ব্যবসায়ী স্থানীয় পদ্মা-মেঘনার কিছু ইলিশসহ অন্যান্য প্রজাতির মাছ বিক্রি করছেন। পাইকারী বিক্রির জন্য নেই কোন হাকডাক। ক্রেতা-বিক্রেতার সংখ্যা খুবই কম।

শাহরাস্তি থেকে ইলিশ ক্রয় করতে আসা ফয়েজ আহমেদসহ অন্যান্য ক্রেতারা বলছেন, ইলিশের দাম অনেক বেশী। দুটি ৭০০ গ্রামের ইলিশ কিনেছি ২ হাজার ৫শ’ টাকা দিয়ে। ধারণা ছিলো দেড় হাজারের মধ্যে কিনতে পারব। তবে সাগরের ইলিশ নয়, সে জন্য বেশী দামে নিয়েছি। এছাড়া গলদা চিংড়ি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৮শ টাকা। পোয়া মাছ প্রতিকেজি ৪শ৫০ থেকে সাড়ে ৫শটাকা পর্যন্ত।
মেসার্স ভাই ভাই মৎস্য আড়তের ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, দুই কেজি ওজনের একটি ইলিশের পাইকারী মূল্য ৬ হাজার ৪শ টাকা। এক কেজি ওজনের ইলিশ ২ হাজার থেকে ২৫শ টাকা, ৭০০ থেকে ৯০০ গ্রাম ইলিশ ১৭শ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নৌযান দিয়ে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ। দৈনিক মাত্র ৫ থেকে ১০ মণ ইলিশ ঘাটে আসে। ইলিশ কম, তাই ক্রেতাও কম। সারাদেশের সবচেয়ে বড় ইলিশ মাছ ঘাট এই বড় স্টেশন মাছ ঘাট। এখানেই এবার ইলিশ সংকট। শুধু মাত্র চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ উঠছে ঘাটে।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বলেন, এই সময়ে ইলিশ কমই পাওয়া যায়। জুলাই মাস থেকে পদ্মা-মেঘনায় ইলিশের প্রাপ্যতা বাড়বে। এছাড়াও সরকারিভাবে মা ইলিশ ও জাটকা ইলিশের নিষাধাজ্ঞা কর্মসূচি বাস্তবায়ন করায় এখন জেলেরা কিছু সংখ্যক পরিপক্ক বড় সাইজের ইলিশ পাচ্ছে।

























