
চাঁদপুরে পাঁচ কেজি গাঁজা’সহ গ্রেফতার দুই


চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে শহরের বড় স্টেশন এলাকা থেকে পাঁচ কেজি গাঁজা’সহ সাহাবুদ্দিন (৫০) ও মো. জহিরুল আলম (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাহাবুদ্দিন পাশবর্তী শরীয়তপুর জেলার ডামুড্যা থানার দারুল আমান ইউনিয়নের রাম রায়ের কান্দি হাওলাদার বাড়ীর মৃত মঙ্গল হাওলাদারের ছেলে এবং জহিরুল আলম কুমিল্লা সদর দক্ষিণ বার পাড়া ইউনিয়নের বড় ধমপুর কলেজ পাড়া অলি মিয়ার বাড়ীর আইয়ুব আলীর ছেলে।


চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, আজ দুপুর ১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিদর্শক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন বড় স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকব্যবসায়ী সাহাবুদ্দিন ও মোঃ জহির আলমকে ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।








