
হাজীগঞ্জের সুহিলপুর
সম্পত্তি দখলে নিতে রাতের আঁধারে বোনের বসতভিটা গুঁড়িয়ে দিলো ভাইয়েরা


বিধবা মাজেদা বেগমের বসতভিটা গুঁড়িয়ে দিয়েছে ভাইয়েরা। সম্পত্তি নিদাবী করে না দেয়ায় বুধবার রাতে দলবদল নিয়ে হামলা করার অভিযোগ উঠে। ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর বড় বাড়ীতে ঘটে।
মাজেদা বেগম তার একমাত্র মেয়ে খাদিজা বেগম ও নাতনিকে নিয়ে বাবার বাড়ীতে বসবাস করে আসছে। তার পৈত্রিক সম্পত্তি ভাইদের নিদাবী করে না দেয়ায় বিভিন্ন সময় হামলা ও ভাংচুর করে। হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দেয়ার পর আরো ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে মাজেদা বেগমের বসতঘর গুড়িয়ে দেয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, কয়েকদিন আগেও ঘর ভাংচুর করা হয়। তখন এলাকাবাসী চাঁদা তুলে মাজেদা বেগমের বসতঘর মেরামত করা হয়েছে।


মাজেদা বেগমের ভাই ও পরিবারের পুরুষ ঘটনার পর গা-ঢাকা দিয়েছে। ভাই মৃত নুরুল ইসলামের স্ত্রী রাজিয়া সুলতানা তাদের বসতঘর দাবী করে গুড়িয়ে দেয়ার বিষয়টি স্বীকার করেন।
রাতে ৯৯৯ কল করার পর ঘটনাস্থল পরিদর্শন করেন উপ-পরিদর্শক গোপী দাস। হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ মুঠোফোনে জানান, পুলিশ বিষয়টি নজরদারিতে রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হবে।


























