
গ্যাস-বিদ্যুত ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ক্যাবের মানববন্ধন

গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির উদ্যোগ এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর ক্যাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় চাঁদপুর শহরের শপথচত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
চাঁদপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তারা বলেন,সরকারের লাগামহীন গ্যাস-বিদ্যুৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে হবে। বাখরাবাদ ও তিতাস গ্যাস কোম্পানি কোন অদৃশ্য শক্তির বলে করোনার ভয়াবহতার মাঝে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। কোন অবস্থাতেই বর্তমান পরিস্থিতিতে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা যাবে না। এমন পরিস্থিতিতে সরকার এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে।
বক্তারা আরো বলেন, করোনা পরিস্থিতিতে অনেকেই চাকুরী খুইয়ে গ্রামে চলে গেছে। অনেক ক্ষুদ্র ব্যাবসায়ীরা লোকসানে পড়ে ব্যবসা গুটিয়ে ফেলেছে। এ অবস্থায় গ্যাস-বিদ্যুতের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আবার দেখছি ডাক্তারগণও তাদের ভিজিট বাড়িয়ে দিয়েছে। এসব নিয়ন্ত্রণ হওয়া দরকার। মানুষকে বাঁচাতে হবে।


বক্তারা বলের, বিশ্বে করোনা মহামারি বৃদ্ধি পেয়েছে।আমাদের দেশেও একই চিত্র। আসুন আমরা সরকারের সকল স্বাস্থ্যবিধির নির্দেশ মেনে চলি।
জেলা ক্যাবের দপ্তর সম্পাদক বিপ্লব সরকারের পরিচালনায় বক্তারা বলেন, যুগ্ম সম্পাদক মজিবুর রহমান, সিনিয়র সদস্য নজরুল ইসলাম সাজু, প্রচার সম্পাদক মির্জা জাকির, আল আমিন একাডেমীর সহকারি প্রধান শিক্ষক তাজুল ইসলাম, উত্তর শ্রীরামদি সপ্রবি প্রধান শিক্ষক শাহজাহান সিদ্দিকী, সাংবাদিক শাহ আলম মল্লিক, সনাক সহ-সভাপতি আঃ মালেক, জেলা ক্যাব সদস্য অভিজিত রায় প্রমুখ।
মানববন্ধন শেষে স্বাস্থ্য সুরক্ষায় পথচারিদের মাঝে মাক্স বিতরন করা হয়|

























