
লকডাউন শেষে স্বাভাবিক জীবন শুরু


কোভিড ১৯-এর ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন শেষে স্বাভাবিক জীবনে ফিরেছে মানুষ। ঈদে কয়েক দিন বিরতি দিয়ে টানা চার মাস ধরে বিধিনিষেধে ছিল দেশ। স্থবির হয়ে পড়েছিল জনজীবন। অবশেষে অচলায়তন ভেঙে বুধবার থেকে স্বাভাবিক অবস্থায় ফিরেছে জনজীবন। বাস, ট্রেন, লঞ্চ চলাচলের পাশাপাশি খুলেছে দোকানপাট-বিপণিবিতান, ব্যবসায় প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস।
বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে কর্মজীবী মানুষের স্বাভাবিক ব্যস্ততা দেখা যায়। রাস্তাঘাট ও অলিগলিতে দোকানপাট খুলেছে। সিটভর্তি যাত্রী নিয়ে চলছে গণপরিবহণ। কোনো কোনো পরিবহণে অবশ্য সিটের বেশি যাত্রী তুলতেও দেখা গেছে। আগের ভাড়ায় চলছে বাস।
বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিধিনেষেধের আগে স্বাভাবিক সময়ের চেয়ে রাজধানীতে তুলনামূলক কমসংখ্যক বাস চলাচল করছে। তবে একই রুটের আরেকটি বাসের সঙ্গে পাল্লাপাল্লি নিয়ে সড়কে চলছে প্রতিযোগিতা। আবার নতুন নির্দেশনা অনুযায়ী সড়কে অর্ধেকসংখ্যক বাস চলাচল করায় সকালে গণপরিবহন সংকটে পড়েছেন যাত্রীরা। এছাড়া সড়কে ব্যাপকসংখ্যক সিএনজিচালিত অটোরিকশাও চলাচল করতে দেখা গেছে।


সূত্র:যুগান্তর
H/N




























