
আলীগঞ্জে গ্রামীণ ফোনের অফিসে গ্রিল কেটে প্রায় ১২ লাখ টাকা চুরি


হাজীগঞ্জে আবারও গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। তবে এবার ব্যাংকে নয়, এবার গ্রামীণফোনের ডিস্ট্রিবিউটর অফিসে। ঘটনাটি হাজিগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড আলীগঞ্জ ডিএম ভবনের দ্বিতীয় তলায়। শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন গ্রামীন ফোনের ডিস্ট্রিবিউটর অফিসের ম্যানেজার রাশেদুল ইসলাম মজুমদার রিপন।
তিনি পপুলার বিডিনিউজকে নিশ্চিত করেন, তার অফিসে গ্রামীণের নগদ ছয় লাখ ও স্ক্যাচকার্ড ছয় লাখ টাকা সহ প্রায় ১২ লাখ টাকা চুরি হয়। এছাড়াও অফিসে সিসি ক্যামেরা থাকা কম্পিউটারের হার্ডডিস্ক নিয়ে গেছে চোর চক্র।
তিনি আরো জানান, টাকাগুলো আলমারির একটি কার্টুনের ভিতর ছিল।


জানা গেছে, এই অফিসের ৩৪ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। শুক্র ও শনিবার তেমন লেনদেন হয় না।
হাজিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশীদ পপুলার বিডিনিউজকে জানান, তথ্যপ্রযুক্তি কর্মকর্তার মাধ্যমে চোর চক্রকে শনাক্ত করার চেষ্টা চলছে। গ্রামীণফোন ডিস্ট্রিবিউটরের ম্যানেজারের অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ বাজারের আল আরাফাহ এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটে। তাও গ্রীল কেটে ওই চুরির ঘটনা ঘটে। এরআগে জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় এজেন্ট ব্যাংকে টাকা চুরির ঘটনা ঘটে।


























