
খসরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম বন্ধ
Link Copied Successfully!


সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবদুল মতিন খসরুর মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের ১ নম্বর বিচার কক্ষে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ সিদ্ধান্ত জানান।
শুরুতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, হয়তো আপনারা জেনেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী আবদুল মতিন খসরু বুধবার বিকাল পৌনে পাঁচটায় ইন্তেকাল করেন। যেহেতু উনি বর্তমান সভাপতি, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিনীত অনুরোধ করছি আজ কোর্টের কার্যক্রম বন্ধ রাখার জন্য।’
পরে প্রধান বিচারপতি বলেন, আজকে মতিন খসরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালত বসবে না।
এরপর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সূত্র:যুগান্তর
H/N




























