
চাঁদপুর সদর বাগাদীতে আওয়ামী লীগ নেতা আটক


চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খানকে (৫৩) আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে ইউনিয়নের বাঘড়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আক্তার হোসেন খান বাগাদী ইউনিয়নের মৃত আলী আকবর খানের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে বাগাদী ইউনিয়নের বাঘড়া বাজার এলাকায় আক্তার হোসেন খানের অবস্থানের খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হলে স্থানীয় কয়েকজন নেতা-কর্মী পুলিশের কার্যক্রমে বাধা সৃষ্টি করেন বলে জানা গেছে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।


চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিকে শনিবার (৭ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, বাঘড়া বাজার এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খানকে আটকের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে তাকে আটকের সুনির্দিষ্ট অভিযোগ বা মামলার বিস্তারিত তথ্য পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।


























