
মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর শোক প্রকাশ


ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমানের ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হুসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হাফেজ মাওলানা মাকসুদুর রহমান দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে একজন নিবেদিতপ্রাণ ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
তারা আরো বলেন, মাওলানা মাকসুদুর রহমান ছিলেন ব্যক্তিগত জীবনে উত্তম আচরণ এবং সদালাপির অধিকারী। তিনি ভিন্ন সংগঠন করা সত্ত্বেও অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ছিল তার সুসম্পর্ক। চাঁদপুরের সকল উলামায়ে কেরামের সাথে ছিল হৃদ্যতার সম্পর্ক। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন। আমিন।


উল্লেখ্য : মাওলানা মাকসুদুর রহমান ৫ নভেম্বর, বৃহস্পতিবার সকালে ঢাকার আল কারীম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।



























