
চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা


চাঁদপুরে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার ও মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে পাল বাজার ও কুমিল্লা রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।


তিনি জানান, মানিক হোটেলে জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ও রং মেশানোর অপরাধে ১০হাজার টাকা ও এইচ. এম.সি.এল (এমএলএম কোম্পানি) মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বিভ্রান্তি সৃষ্টি, বিভিন্ন ব্র্যান্ডের খালি প্যাকেট সংরক্ষণ ও নিম্নমানের পণ্য বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং খালি প্যাকেটগুলো ধ্বংস করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার মুচলেকা দেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।


























