
দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই চ্যাম্পিয়ন ছিল: রিজভী


সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বক্তব্য দেন। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এই সভার আয়োজন করে।
সভায় রিজভী বলেন, এম সাইফুর রহমান একজন সফল অর্থনীতি ব্যবস্থাপক ছিলেন, যিনি দেশ থেকে টাকা পাচার বন্ধ করেছিলেন এবং বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশের কৃষি অর্থনীতি সমৃদ্ধ হয় এবং কার্তিক মাসের চিরচেনা অভাব দূর হয়েছিল।
বিগত সরকারের সমালোচনার পাশাপাশি সাইফুর রহমানের সততার প্রশংসা করে বিএনপি নেতা বলেন, গত ১৭ বছর ব্যাংক লুটপাট ও টাকা পাচারের যে সিন্ডিকেট ছিল, সাইফুর রহমানের অর্থমন্ত্রী থাকাকালীন তেমনটি কখনোই দেখা যায়নি। ওই সময় ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকারের বাজেট ঘাটতি মেটানোরও প্রয়োজন পড়েনি।


তিনি অভিযোগ করেন, পরবর্তী ১৭ বছর দেশে শুধু লুটপাটের বাজেট হয়েছে এবং দেশের অর্থনীতিকে একেবারে ফাঁকা করে ফেলা হয়েছে। অথচ বিএনপির আমল ছিল মূলত গ্রামীণ অবকাঠামো ও সামাজিক সুরক্ষার যুগান্তকারী উন্নয়নের সময়।
তিনি আরও উল্লেখ করেন, সাইফুর রহমানের আমলে শেয়ারবাজার লুটের কোনো ঘটনা ঘটেনি। একটি দেশকে কৃষি অর্থনীতির ওপর ভর করে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া এবং দেশে সামাজিক সুরক্ষার ধারণার সূচনা করার পেছনে তার একক ও অসামান্য অবদান ছিল। দেশের মানুষ আশা করে, বাংলাদেশ আবারো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে।




























