
গুপ্টি পশ্চিম ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত


ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তুলতে ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ মাদকবিরোধী কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্লাহ।
র্যালি ও আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


প্রধান অতিথির বক্তব্যে ওসি এরশাদ উল্লাহ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তিনি শিক্ষার্থী ও যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলা, শিক্ষা ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।
পরে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়। র্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


























