
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন- ২০২৬: সভাপতি ও সম্পাদক প্রার্থী’সহ ১০ জনের মনোনয়ন ফরম সংগ্রহ


আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক’সহ অন্যান্যা সম্পাদকীয় পদ ও ওয়ার্ড কমিশনার প্রার্থী হিসেবে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে প্রার্থীরা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার মো. শাহ জালালের হাত থেকে তাদের নিজ নিজ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এদিন সভাপতি পদে সালাউদ্দিন ফারুক মামুন, সাধারণ সম্পাদক পদে মো. মজিবুর রহমান তালুকদার, সহ-সাধারণ সম্পাদক পদে মো. বাহালুল আলম খোকন, দপ্তর সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম ও মোহাম্মদ কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ শরীফ মজুমদার মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এছাড়া ৩নং ওয়ার্ড কমিশনার পদে মো. মহিউদ্দিন মাইনু, ৪নং ওয়ার্ড কমিশনার পদে মো. আব্দুর রহিম, ৫নং ওয়ার্ড কমিশনার পদে মো. বিল্লাল হোসেন, ৬নং ওয়ার্ড কমিশনার পদে মো. আব্দুল হান্নান মুন্সী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান ও সদস্য উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেন’সহ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামি ২৯ আগস্ট, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এরমধ্যে মনোনয়নপত্র বিতরণ ১১-১৩ আগস্ট, দাখিল ১৬ আগস্ট, যাচাই-বাছাই ১৭ আগস্ট, প্রত্যাহার ১৮ আগস্ট, প্রার্থীদের খসড়া তালিকা ১৯ আগস্ট প্রকাশ, প্রতীক বরাদ্দ ২০ আগস্ট।



























