
হাজীগঞ্জে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুস্বাস্থ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভির হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাহেদ হোসেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতা এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সাধারণ রোগীদের কাঙ্ক্ষিত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


সভা শেষে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন। রোগীদের কাছ থেকে চিকিৎসাসেবা, ওষুধপ্রাপ্তি ও হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সরাসরি মতামতও শোনেন।

























