
মতলবের ৯ মামলার আসামী ইউসুফ হাজরাকে আদালতে প্রেরণ


মতলবের আলোচিত মাদকের সহ ৯ মামলার আসামী ইউসুফ হাজরাকে শনিবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত ৭ আগস্ট ডেমরা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে মতলব মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইউসুফ হাজরাকে আটক করে মতলব দক্ষিণ থানায় নিয়ে আসে।
সে মতলব দক্ষিণ উপজেলার দেলদিয়া গ্রামের মৃত দেলোয়ার হাজার ছেলে। এছাড়া তিনি উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের বহিষ্কৃত মেম্বার ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক।
তাকে গ্রেফতার করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা ভুক্তভোগী পরিবার । দীর্ঘদিন সে এলাকায় মাদকের সর্বরাজ্য গড়ে তুলেছে এবং সাধারণ মানুষদের উপর অন্যায় অত্যাচর করেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। উপাদী উত্তর ইউনিয়নের আচলছিলা, দেলদিয়া ও ধুলিয়াউরা গ্রামবাসীর এক আতঙ্কের নাম ছিল ওই ইউসুফ হাজরা।


মতলব দক্ষিণ থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সে পলাতক ছিল। ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারনে বিধি মোতাবেক তাকে ওই পরিষদের মেম্বার পদ থেকে বহিষ্কার করা হয়।
তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা রয়েছে মোট ৯টি।তন্মোধ্যে মাদকের মামলাই ৫ টি। ২০১৯ সালেই তার বিরুদ্ধে মাদকের মামলা হয় ৪ টি, ২০২২ সালে হয় ১টি। এছাড়া তার বিরুদ্ধে ২০১৫, ২০১৯, ২০২১ও ২০২৫ সালে বিভিন্ন অপরাধে ৪টি মামলা হয়েছে। ২০১৯ সালের ২১ মে মাসে মাদকের যে মামলাটি হয়েছে ( মামলা নং ১৬) ওই মামলায় তাকে ১ বছরের সাজা ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সাজা দেন আদালত।
এই মামলায় পলাতক ও গ্রেফতারী পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, ইউসুফ হাজরার বিরুদ্ধে থানায় মাদকের মামলা রয়েছে ৫ টি এবং অন্যান্য মামলা রয়েছে ৪ টি । মাদকের ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে ওয়ারেন্টমুলে গ্রেফতার করা হয়।শনিবার তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।



























