
মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ


চাঁদপুরের মতলব উত্তরে গজরা বাজারে সারা ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র্যালি, সংক্ষিপ্ত সমাবেশ ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আমিরুল ইসলাম রাসেলের নেতৃত্বে গজরা বাজারে অবস্থিত শিল্পকলা একাডেমির সামনে থেকে র্যালিটি বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে গজরা ইউনিয়ন পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আমিরুল ইসলাম রাসেল, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন বেপারী এবং আশারে আধার আলো সংগঠনের সহ-কোষাধ্যক্ষ সুমন প্রধান। সঞ্চালনা করেন সারা ফাউন্ডেশনের সদস্য মো.শাহীন।
এসময় উপস্থিত ছিলেন, গজরা ইউনিয়ন যুবদলের সদস্য মেহেদী হাসান পাভেল, সারা ফাউন্ডেশন সদস্য, আশরাফুল ইসলাম রুবেল, হালিম, সানজির আহমেদ পারভেজ, মো সিয়াম, মো আরাফাত, মো ফরহাদ, নাইম’সহ সংগঠনের নেতৃবৃন্দ।


সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আমিরুল ইসলাম রাসেল বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো যুবসমাজকে কাউন্সেলিংয়ের মাধ্যমে মাদক থেকে দূরে রাখা এবং তাদের খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা।
সবশেষে আমি অভিভাবকদের প্রতি আহ্বান জানাতে চাই নিজেদের সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলুন। তাদের সময় দিন, কথা শুনুন এবং সঠিক পথে চলতে উৎসাহিত করুন। পরিবার থেকেই সচেতনতা তৈরি হলে একটি মাদকমুক্ত, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।



























